মেয়েকে ধর্ষণের বিচার চাওয়ায় বাবাকে কুপিয়ে জখম

ঝালকাঠির রাজাপুরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের বিচার চাওয়ায় বাবাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৩০ মে) রাতে ধর্ষণ ও মারধরের অভিযোগে চারজনকে আসামি করে পৃথক দুটি মামলা করেন ভুক্তভোগীর এক আত্মীয়।

মামলার বিবরণে জানা যায়, গত ২৬ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেল্লাল হাওলাদার (২৫) তাঁর বন্ধু তাওহীদ মোল্লার সহায়তায় ওই মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে বাড়ির পাশের কলাবাগানে ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগীকে ভয়ভীতি দেখান তাঁরা।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগীর বাবা ২৯ মে রাতে অভিযুক্ত বেল্লালের পরিবারের কাছে বিচার চাইতে যান। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়।

এ সময় বেল্লালের পরিবারের লোকজন মেয়ের বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে জখম করেন। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মারধরকারীরা হুমকি দিয়ে পালিয়ে যান।

এরপরে ওই মেয়ের বাবাকে আহত অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে বেল্লাল, তাঁর বাবাসহ অন্যরা পলাতক।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার মেয়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর