ফেনী শহরের হাজারী রোডের ভাড়া বাসা থেকে ট্রাফিক পুলিশ পরিদর্শক শফিকুল আজমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ মে) বিকেলে শহরের মধ্যম চাড়িপুর এলাকার চৌধুরীপাড়ার আশিক মঞ্জিল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাফিক পুলিশ পরিদর্শক শফিকুল আজম একাই ওই বাসায় থাকতেন। তার পরিবার ঢাকায় থাকতেন।
গত শুক্রবার রাতে শফিকুল ইসলাম নিজ কর্মস্থল থেকে ভাড়া বাসায় ফিরেন। এরপর থেকে তার কোন খোঁজ মিলছিলো না। ওই বাসা থেকে সোমবার (৩১ মে) পচা দুর্গন্ধ ছড়ালে বাসার মালিক মনির আহম্মদ বাসার ভেতর থেকে ঘরের দরজা বন্ধ দেখেন। পরে ভিতর খেবে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবরে দেন।
খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, সিআইডি, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে মৃত্যুবরণ করতে পারেন। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শফিউল আজমের বাড়ি টাঙ্গাইল জেলায়।
বার্তাবাজার/ই.এইচ.এম