বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে করোনা টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস রোধে সরকারি-বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৩১ মে) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, দেশে ৫০ লাখ করে তিন দফায় চীনের দেড় লাখ টিকা আসবে। আশা করি জুন মাসে ৫০ লাখ, জুলাই মাসে ৫০ লাখ এবং আগস্টে ৫০ লাখ ডোজ আমরা পাবো।

মন্ত্রী বলেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সেই টিকা দেয়ার ব্যবস্থা করবো। আমরা শিক্ষকদের টিকা দিচ্ছি। আমরা চাই টিকা নিয়ে তারা স্বাভাবিক লেখাপড়া শুরু করুক। এক বছর লেখাপড়ায় বিঘ্ন হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা লেখাপড়াটা যেন তাড়াতাড়ি শুরু করতে পারেন আমরা সেদিকে মনযোগী হব। মেডিকেলসহ সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।

তিনি আরও বলেন, আমরা চাই, সবগুলো বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম শুরু করুক। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী-শিক্ষক সবাইকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার চেষ্টা করব।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর