দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্তের পর সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের লকডাউন দেওয়া হয়।
করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়িয়ে আগামী ৭ জুন পর্যন্ত ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (৩১ মে) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ তার কার্যালয়ে প্রেস বিফিংয়ে এ ঘোষণা দেন।
তিনি বলেন, জনগণকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে সাত দিনের জন্য পুরো জেলায় লকডাউন কার্যকর করা হবে। এ সময় সকল দোকানপাট ও যানচলাচল বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, লকডাউনে রাজশাহী ও নওগাঁ থেকে কোনো যানবাহন চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করতে পারবে না এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যেতে পারবে না। তবে রোগী ও অন্য জরুরি সেবাদানকারীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৭২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ঈদের পর থেকে ৬’শ মতো রোগী শনাক্ত হয়েছে। ঈদের আগে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৪ শতাংশ, ঈদের পর তা ২৬ মে ৫৫ শতাংশ এবং ৬২ শতাংশে উঠেছিল। তবে পরে একটু কমেছে।
বার্তাবাজার/নব