ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ

ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।

প্রবল বৃষ্টি উপেক্ষা করে ফিলিস্তিনিদের সমর্থনে এই বিক্ষোভ-সমাবেশে যোগ দেন তারা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গ রাজ্য থেকে ওয়াশিংটনে এসে সমবেত হন তারা।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ করতে ইহুদিবাদী সরকারের প্রতি আহ্বান জানান এবং তেল আবিব যে বর্ণবাদী নীতি অনুসরণ করছে তার নিন্দা করেন। একইসঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বেরও অবসান দাবি করেন তারা।

এছাড়াও মার্কিন সরকার বর্ণবাদী ইসরায়েল সরকারকে যে অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে সেটা বাতিল করার দাবি জানান তারা।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের যেসব আইনজীবী কাজ করে যাচ্ছেন তাদেরকে হয়রানি বন্ধ ও নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।

এ সমাবেশ থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, বাইডেন প্রশাসন ইসরায়েলের লাগাম টেনে ধরতে আগ্রহী না হলেও সমাবেশে যোগদানকারীরা ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনকে রক্ষা করতে প্রস্তুত। তারা সব ধরণের সাহায্য সহযোগিতা দিয়ে ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর