দেশের বিভিন্ন জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। নোয়াখালীতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার বাড়িভিত্তিক লকডাউন শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার (৩১ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন, জেলা সদরসহ প্রতিটি উপজেলায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তাই করোনার সংক্রমণ রোধে আমরা বাড়িভিত্তিক লকডাউন শুরু করেছি। এ লক্ষ্যে প্রতিটি উপজেলার ইউনিয়নভিত্তিক কমিটি করা হয়েছে। যে বাড়িতে করোনাভাইরাসের রোগী শনাক্ত হবে সেই বাড়ি লকডাউন করা হবে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪৪টি নমুনা পরীক্ষায় ১০১টি পজিটিভ ও ২৪৩টির ফলাফল নেগেটিভ এসেছে। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৩৬ জন। মোট মারা গেছেন ১২১ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৭২ জন।
মোট আক্রান্ত ৮ হাজার ৫৩৬ জনের মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৮৮৯ নোয়াখালী সদরে ও বেগমগঞ্জে ১ হাজার ৮৩০ জন। আইসোলেশনে আছেন ২ হাজার ৪৩ জন এবং কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৩ জন।
বার্তাবাজার/নব