করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৫২ হাজার ৭৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
দেশটিতে টানা চতুর্থ দিনের মত শনাক্তের সংখ্যা ২ লাখের নিচে নেমেছে। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৭৪ হাজার ৪১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ৯৫৭ জনে।
দৈনিক সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও কমছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৬১৪। ভারতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ২৯ হাজার ১২৭ জন।
সোমবার (৩০ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ৫২৯ জন। দেশটিতে গত কয়েকদিন সংক্রমণ দুই লাখের নিচে নামলেও দৈনিক ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু রয়েছে।
এদিকে করোনার হটস্পট মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, ছত্রিশগড় এবং দিল্লিতে সংক্রমণ কমছে।
বার্তাবাজার/নব