কোভ্যাক্স থেকে ফাইজারের করোনার টিকা বাংলাদেশে আসছে আজ। সোমবার (৩১ মে) রাত ১১টা ২০ মিনিটে দেশে আসবে ফাইজার-এর ১ লাখ ৬২০ ডোজ টিকা।
রোববার (৩০ মে) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এই তথ্য জানান।
এর আগে, বৃহস্পতিবার ফাইজারের করোনা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। নিশ্চিতে টিকাপ্রাপ্তি গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের, গ্যাভির আওতায় ফাইজারের এ টিকা আসছে।
এই প্ল্যাটফর্ম থেকে ছয় কোটি ৮০ লাখ ডোজ টিকা পাওয়ার আশা করছে বাংলাদেশ। তবে কাদের এ টিকা দেয়া হবে, কবে নাগাদ টিকা প্রয়োগ শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি।
দেশে করোনাভাইরাসের টিকা সঙ্কটের মধ্যে গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকজানিয়েছিলেন, ফাইজার-বায়োএনটেকের তৈরি এক লাখ ৬২০ ডোজ টিকা আগামী ২ জুন আসবে। তবে তার দুদিন আগেই এই টিকা আসছে।
ফাইজারের টিকাসহ করোনাভাইরাসের চারটি টিকার অনুমোদন দিয়েছে বাংলাদেশ। গত বছরের ২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেয়। যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশে এখন এ টিকা প্রয়োগ করা হচ্ছে। গত বছরের ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তাদের জরুরি ব্যবহার্য টিকার তালিকায় ফাইজারের ভ্যাকসিনকে অন্তর্ভুক্ত করেছে।
বাংলাদেশ করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় ১৩ কোটির বেশি মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম