সেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ার শাজাহানপুরে সিহাব উদ্দিন বাবু (৩০) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। রোববার পৌনে ৮ টার দিকে শাবরুল বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত উপজেলার সাবরুল বাজার পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে ও সংগঠনের উপজেলা কমিটির সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। এক বছর আগে শাজাহানপুর উপজেলার শাকপালা মোড়ে স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবু হানিফ প্রামাণিক মিস্টারকে কুপিয়ে হত্যা করা হয়।

এলাকাবাসী জানান, শাবরুল বাজারে সিহাব উদ্দিন বাবুর একটি মাছের আড়ৎসহ কয়েকটি দোকান রয়েছে। প্রতিদিনকার মত রোববার সন্ধ্যার দিকে তিনি শাবরুল বাজারে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে রামদাসহ ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কোপাতে শুরু করে। এক পর্যায়ে মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মাস্টার জানান, সিহাব উদ্দিন বাবু তার কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি বলেন, বর্তমানে নতুন কমিটি হলেও তা পূর্ণাঙ্গ হয়নি। শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। তবে আংশিক ঘোষিত নতুন কমিটির সাধারণ নুরুজ্জামান জানান, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটিতে সিহাব উদ্দিন বাবু যুগ্ম সাধারণ সম্পাদকের পদ প্রত্যাশী ছিলেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বার্তাবাজারকে জানান, লাশ ময়না তদন্তের জন্য এখনও মর্গে পাঠানো সম্ভব হয়নি। সুরতহাল রিপোর্ট তৈরির কাজ শেষ হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের তাৎক্ষণিক কোন কারণ তিনি জানাতে পারেন নি।

খালিদ হাসান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর