আবারো তিন দিনের রিমান্ডে হেফাজত নেতা কাসেমী

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মনির হোসেন কাসেমীর আবারো তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (৩০ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান নোমান শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, ২০১৩ সালের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করা হয়। এরপর চলতি বছরের পল্টন থানার নাশকতার মামলায় ফের ১০ দিনের রিমান্ডের আবেদন করে তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পল্টন থানার নাশকতার মামলায় ২২ মে চার দিনের রিমান্ড ও ২৬ মে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ বিষয়ে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান বলেন, কাসেমী এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে নাশকতা ও ২০২০ সালের কিছু মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি হেফাজতের বিভিন্ন নেতার বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলায়ও তিনি আসামি। এসব মামলার আসামি হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, মনির হোসেন কাসেমী হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক ছিলেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব এবং জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম।

গত গত ২১ মে রাত ৮টায় রাজধানীর বারিধারা থেকে কাসেমীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর