জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে আসন্ন ২০২১-২০২২ অর্থ বছরে মোট ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয় কমিশন।
যা ২০২০-২০২১ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২২ কোটি ৩৪ লাখ ৩২ হাজার টাকা বেশি অর্থাৎ গত বছরের তুলনায় এই বাজেট ৭.১২ শতাংশ বেড়েছে।
রোববার (৩০ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ৩২তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
সংসদীয় বৈঠকে ২০২০-২০২১ অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন করা হয়। এছাড়াও ২০২২-২০২৩ অর্থবছরে ৩৫৯ কোটি ৬৭ লাখ টাকা ও ২০২৩-২০২৪ অর্থ বছরের ৩৮৪ কোটি ৮৫ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।
বৈঠকের শুরুতে বিগত ৩১তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্য বিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী’র সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, সংসদ বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের অংশগ্রহণ করেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন।
বার্তাবাজার/ই.এইচ.এম