দিনভর তীব্র গরম শেষে ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। রোববার (৩০ মে) রাত সাড়ে ৭টার পর থেকে বৃষ্টি শুরু হয়। তবে এ বৃষ্টি গরম থেকে স্বস্তি দিলেও অনেকে পড়েছেন ভোগান্তিতে। ভিজে গেছেন অনেক ঘরমুখো মানুষ। অল্প সময়েই কোনো কোনো এলাকায় এই মুষলধারের বৃষ্টিতে পানি জমেছে।
আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এ লঘুচাপের প্রভাবে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এদিকে তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ফেনী, চাঁদপুর, মাইজদী কোট, খুলনা ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। যা কিছুটা কমতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।
বার্তাবাজার/ই.এইচ.এম