রোহিঙ্গাদের জন্য বিভিন্ন বিভিন্ন দেশ থেকে আসা অনুদান এবং মাদ্রাসা ও শিক্ষার্থীদের দানের টাকাও হেফাজত নেতারা আত্মসাৎ করার প্রমাণ মিলেছে।
হেফাজত নেতাদের বিরুদ্ধে তদন্তাধীন মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে, শিগগিরই আদালতে চার্জশিট জমা দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ মাহবুব আলম। রবিবার বিকেলে ডিবি কার্যালয়ে এসব কথা জানান মাহবুব আলম।
তিনি আরও জানান, বেশিরভাগ হেফাজত নেতা বিভিন্ন দেশ থেকে আসা অনুদানের টাকা আত্মসাৎ করে গাড়ি-বাড়ির মালিক হয়েছেন। শুধু তাই নয় রোহিঙ্গাদের জন্য বিভিন্ন দেশ থেকে আসা অনুদানের টাকা হেফাজত নেতারা তসরুফ করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা মাদ্রাসা এবং মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য দান করেন তারা সেসব টাকাও আত্মসাৎ করেছেন। এছাড়া হেফাজতের জন্য বিদেশ থেকে কিছু টাকা আসে বলেও জানান ডিএমপির গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ মাহবুব আলম।
ডিবির যুগ্ম কমিশনার আরও জানান, বিদেশ থেকে আসা অর্থ হেফাজত নেতারা সঠিকভাবে ব্যবহার করতেন না। এসব অর্থ তারা ইচ্ছামতো খরচের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডেও ব্যবহার করতেন।
গোয়েন্দা পুলিশ হেফাজতের অর্থনৈতিক বিষয়টি আরও গভীরভাবে পর্যবেক্ষণ ও নথিপত্র যাচাই-বাছাই করছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
বার্তাবাজার/ই.এইচ.এম