রাজধানীর দক্ষিণখানে আজহার হত্যা মামলায় স্ত্রী আসমা এবং মসজিদের ইমাম আব্দুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার (৩০ মে) বিকালে মুখ্য মহানগর হাকিম আদালতের পৃথক ম্যাজিস্ট্রেটের কাছে প্রথমে ইমাম আব্দুর রহমান এবং পরে নিহত আজহারুলের স্ত্রী আসমা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আসমা ও আব্দুর রহমান পরিকল্পিতভাবে আজহারকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে ছয় টুকরা করে সেপটিক ট্যাংকে ফেলে দেয়ার কথা স্বীকার করেছে।
আসমা এবং ওই ইমামের মধ্যে পরকীয়া সম্পর্কের জের ধরেই আসমার স্বামী আজহারকে হত্যার পরিকল্পনা করে বলেও জানান তিনি।
আজিজুল হক মিয়া বলেন, নির্ধারিত রিমান্ড শেষ হওয়ার এক দিন আগেই রোববার বিকেলে ইমাম ও আসমা দুজনেই আজহার হত্যার বিস্তারিত বর্ণনা দিয়েছেন আদালতের কাছে। আদালত তাদের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৪ মে রাতে দক্ষিণখান থানার সরদারবাড়ি এলাকার একটি মসজিদের সেপটিক ট্যাংক থেকে পোশাককর্মী আজহারুলের ছয় টুকরা মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর র্যাব মসজিদের ইমাম আব্দুর রহমান ও আজহারের স্ত্রী আসমাকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ পাঁচ দিনের রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে।
বার্তাবাজার/ই.এইচ.এম