নাশকতার অভিযোগে রাজধানীর ঢাকা কোতয়ালী ও শাহবাগ থানায় ২০১৩ সালে করা পৃথক দুটি মামলায় বিএনপির যুগ্মমহাসচিব ও চট্টগ্রাম মহানগর উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। নিয়মিত আদালত খোলা পর্যন্ত এই জামিন মঞ্জুর করা হয়।
রোববার (৩০ মে) বিচারপতি মহি উদ্দিন শামীম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের হাইকোর্ট বেঞ্চ আসলাম চৌধুরীর জামিন মঞ্জুর করে আদেশ দেন।
এ মামলায় আসলাম চৌধুরীর পক্ষে আইনজীবী ছিলেন হাসিবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ বলেন, হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে আপিল করা হবে।
উল্লেখ্য, আসলাম চৌধুরীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে রাজধানীর কোতোয়ালী থানায় ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি এবং শাহবাগ থানায় একই বছরের ২২ এপ্রিল পৃথক দুটি মামলা হয়।
ওই দুই মামলায় কারাবন্দী আসলাম চৌধুরীকে আসামি হিসেবে গত ১১ জানুয়ারি গ্রেপ্তার দেখানো হয়। আসলাম চৌধুরীকে ২০১৬ সালের ১৫ মে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সেসময় থেকে তিনি কারাগারে ছিলেন।
বার্তাবাজার/ই.এইচ.এম