মাদারীপুরে সোনালী ব্যাংকের ভিতরে গ্রাহকের ব্যাগ কেটে টাকা চুরি

মাদারীপুরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর মজিবুর রহমান সিপাই নামে এক গ্রাহকের ব্যাগ কেটে টাকা চুরির অভিযোগ উঠেছে। রোববার বেলা ১১টার দিকে শহরের পুরাণ বাজারের সোনালী ব্যাংকের প্রধান শাখায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মজিবুর রহমান মাদারীপুর পৌরসভার মাস্টার কলোনী এলাকার মৃত আব্দুল হাকিম সিপাই’র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী জানায়, তিনি সোনালী ব্যাংকের মাদারীপুর প্রধান শাখা থেকে ৫ লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংকের ৪নং ক্যাশ কাউন্টার থেকে তাকে এক লাখ টাকার দুটো বান্ডিল ও প াশ হাজার টাকার ৬টি বান্ডিল দেয়া হয়। পরে সেই টাকা মজিবুর রহমান নিজের সাথে থাকা শপিং ব্যাগে রাখেন। কিছু সময় পরে তিনি কয়েকটি বান্ডিল ব্যাংকের ভেতরের ফ্লোরে পড়ে থাকতে দেখেন। এবং সাথে সাথে সেখান থেকে টাকাগুলো কুড়িয়ে গুনে ৪ লাখ টাকা পান। পরে মজিবুর বুঝতে পারেন তার ব্যাগ কেটে এক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর মডেল থানা পুলিশ। এসময় সিসি টিভির ফুটেজ দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানায় ব্যাংক কর্তৃপক্ষ।

ভুক্তভোগী মজিবুর রহমান জানান, ব্যাগকেটে টাকা চুরির পরও ব্যাংক কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। তাদের কাছে অভিযোগ দিয়েছি।
মাদারীপুর সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জোনাল ম্যানেজার ফিরোজুর রহমান জানান, সিসি টিভির ফুটেজ দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। ক্যাশ কাউন্টার থেকে টাকা বুঝে পাওয়ার পর এ ঘটনা ঘটেছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বার্তাবাজারকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর