সিরাজগঞ্জে সবুরা সুলতানা সেফা(১৬) নামে এক স্কুলছাত্রীকে গুম করার অভিযোগ উঠেছে। সেফা সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী গ্রামের মো. আশরাফুল ইসলামের মেয়ে এবং একই গ্রামের সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় শনিবার রাতে সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন তার বাবা আশরাফুল ইসলাম। স্কুলছাত্রীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, চন্ডিদাসগাতী গ্রামের বনিরুজ্জামান সেখের ছেলে মো. সোহাগ হোসেন(২০) এলাকায় একজন বখাটে হিসেবে পরিচিত। একই গ্রামে বাড়ি হওয়ার সুবাদে সোহাগ প্রায়ই সেফাকে নানাভাবে উত্ত্যক্ত করতো। শনিবার সকালে সোহাগ মোবাইলে সেফাকে জানায়- আজ স্কুলে কুইজ প্রতিযোগিতা হবে। এ কথা শুনে সরল বিশ্বাসে বাড়ি থেকে বের হয়ে স্কুলে যায় সেফা। পরে সেখানে গিয়ে জানতে পারে কোন কুইজ প্রতিযোগিতার আয়োজন ছিলো না।
এসময় স্কুল থেকে বাড়ি ফেরার সময় সোহাগ তার পরিবারের সদস্যদের ও স্থানীয় কতিপয় ব্যক্তির সহযোগিতায় জোরপূর্বক সেফাকে তুলে নিয়ে গুম করে। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। এমতাবস্থায় নাবালিকা সেফার কোন সন্ধান না পেয়ে তার স্বজনরা চরম উৎকন্ঠার মধ্যে রয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসআই আবু সাঈদ জানান, অভিযোগের বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। দ্রুতই ভালো ফলাফল পাওয়া যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এম এ মালেক/বার্তাবাজার/ভিএস