পোশাকের বাকি টাকা চাওয়ায় ব্যবসায়ীর পিতাকে কুপিয়ে জখম, বাড়িতে ভাংচুর

মাদারীপুরে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীর বসতবাড়িতে ভাংচুর ও লুটপাটের তাণ্ডব চালিয়েছে বখাটে যুবক শাওন মাতুব্বর (২৭) ও তার সহযোগিরা। এসময় পোশাক ব্যবসায়ীর পিতা- আঃ বারেক মাতুব্বরকে (৬৫) কুপিয়ে গুরুতর আহত করা হয়।

ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর পাকা মসজিদ এলাকায়। শাওন একই এলাকার বাসিন্দা হারুন মাতুব্বরের ছেলে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মাদারীপুর পুরান বাজারের পোশাক ব্যবসায়ী ও বনিক সমিতির সদস্য মাওলানা আসাদুজ্জামানের দোকান থেকে দীর্ঘ ৬ মাস পূর্বে ১৪ হাজার টাকার পন্য বাকিতে নেয় শাওন। পরে টাকা না দিয়ে দিনের পর দিন ঘুরাতে থাকে। এনিয়ে শনিবার সকালে তাদের মাঝে তর্কবিতর্ক হয়। তাতেই শাওন ক্ষিপ্ত হয়ে উঠে। বিকেলে প্রায় ১০/১৫ জন লোক নিয়ে ওই ব্যবসায়ীর বসতবাড়ী হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এতে বাধা দিতে গেলে ব্যবসায়ীর বাবা আঃ বারেক মাতুব্বরকে কুপিয়ে যখম করে। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। এসময় ব্যাবসা প্রতিষ্ঠানের মালামাল কেনার জন্য ঘরে রাখা ৪ লাখ ৭৫ হাজার টাকা ও ঘরে থাকা একটি কম্পিউটার নিয়ে যায়।

ভুক্তভোগী আসাদুজ্জামান বলেন, আমি একজন মাওলানা মানুষ। আমার ২ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আমি কখনো কারো সাথে ঝগড়া বিবাদও করি না। বিগত ৬ মাস আগে শাওন আমার দোকান থেকে ১৪ হাজার টাকার মালামাল বাকিতে নেয়। পরবর্তীতে টাকা চাইতে গেলে বারবার ঘোরাতে থাকে। গতকাল আবারো টাকা চাইতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমার গায়ে হাত তোলে। কিছুক্ষন পর লোকজন নিয়ে এসে আমার বাড়ি ঘরে হামলা করে ও লুটপাট চালায়। শাওন একজন মাদকাসক্ত ছেলে। তাই বাবার মতো বয়সী মুরব্বির উপর হামলা চালিয়েছে। আমি চাই প্রশাসন দোষীদের সঠিক বিচারের আওতায় আনুক।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বার্তাবাজারকে বলেন, এ ব্যাপারে থাকায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর