দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে কিছুদিন আগেই। ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের পর সীমান্তবর্তী জেলায় সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে।
এদিকে দেহে করোনায় আক্রান্ত ১৪০ জনের দেহে চার দেশের ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে ৮৫ জনের দেহে দক্ষিণ আফ্রিকার, ২৭ জনের দেহে যুক্তরাজ্যের, ২৩ জনের দেহে ভারতের ও ৫ জনের দেহে নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
রোববার (৩০ মে) করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন।
তিনি বলেন, সারাদেশ থেকে এখন পর্যন্ত ২৬৩টি জিনোম সিকোয়েন্স করে এসব ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। ভারত থেকে আসা ব্যক্তি ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের দেহে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ভ্যারিয়েন্ট যাই হোক না কেন আমাদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। যত জিনোম সিকোয়েন্স করা হবে ততো ধরনের ভ্যারিয়েন্ট শনাক্ত হবে।
বার্তাবাজার/নব