অবস্থা বুঝে স্কুল-কলেজ খোলার ব্যাপারে সিদ্ধান্ত: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আমাদের ছাত্র সংখ্যা অনেক বেশি। যখন তারা স্কুলে আসবে তখন সংক্রমণ বেড়ে যাবে। বিধিনিষেধ থাকার কারণে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
আর তাই স্কুল-কলেজ খোলার বিষয়টি অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রোববার (৩০ মে) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আমরা স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ রেখেছি। মানুষের চলাচলের প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনার সংক্রমণ ৫ শতাংশের মধ্যে থাকাটা স্বস্তিদায়ক।
স্কুল-কলেজ খোলার বিষয়টি পিছিয়ে যেতে পারে ইঙ্গিত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী তেমন ইঙ্গিত দিয়েছেন। সেটা তাদের বিষয়। উনি বলেছেন করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত খুলবে না।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা স্কুল-কলেজ খোলার ব্যাপারে বিকল্প চিন্তা ভাবনা করছি। যেমনটা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারবে। সেক্ষেত্রে অনলাইন পরীক্ষা, অনলাইন ক্লাস চলমান।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ আগামী ৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
বার্তাবাজার/নব