জ্বরে আক্রান্ত খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন ফখরুল

দুইদিন আগে হঠাৎ করে জ্বরে আক্রান্ত হন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে তার জ্বর নিয়ন্ত্রণে এসেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে এ কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে। চিকিৎসকরা আশাবাদী যে, এ জ্বর হয়তো আর আসবে না।

রোববার (৩০) সকালে শেরে বাংলানগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মির্জা ফখরুল।

ফখরুল বলেন, আমি আগেই বলেছিলাম খালেদা জিয়া জ্বরে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসকদের সুচিকিৎসার জন্য তার জ্বর নিয়ন্ত্রণে এসেছে। এজন্য আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাতে চাই। আমরা আশাবাদী, এ জ্বর হয়তো আর আসবে না।

তিনি আরও বলেন, যে নেত্রী আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, ১৯৭১ সালে হানাদার বাহিনীর কারানির্যাতন ভোগ করেছেন আজ তার চিকিৎসার সুযোগ দেওয়া হয় না। তার অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য বার বার বলা হয়েছে। কিন্তু সরকার তাদের প্রতিহিংসার কারণে তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করছে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা’য় করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। এরপর চতুর্থ পরীক্ষায় খালেদা জিয়ার করোনা নেগেটিভ আসে।

গত ২৭ এপ্রিল খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর