দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হওয়ার পর সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ বেড়েই চলছে। সংক্রমণ রোধে সীমান্তবর্তী ৭ জেলায় কঠোর লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি।
রোববার (৩০ মে) এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে রোগতত্ত্ব ও জনস্বাস্থ্য–বিষয়ক কমিটি।
এই সাতটি জেলা হল- নওগাঁ, নাটোর, রাজশাহী, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও খুলনা। এছাড়া নোয়াখালী ও কক্সবাজারের করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে কমিটি।
করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত সোমবার (২৪ মে) রাত থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এক সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে। যা এখনো চলমান রয়েছে।
এদিকে দেশে চলমান লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তা করছে সরকার। আগের শর্তগুলোর সাথে নতুন কিছু শর্ত যুক্ত হতে পারে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পেলে আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
দেশে গত ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এরপর ৫ দফায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়। নতুন করে এই মেয়াদ আরও এক সপ্তাহ বাড়তে পারে।
বার্তাবাজার/নব