করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তা করছে সরকার। আগের শর্তগুলোর সাথে নতুন কিছু শর্ত যুক্ত হতে পারে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণে এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ বাড়ছে। তাই নতুন করে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানো হতে পারে।
এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পেলে রোববারই (৩০ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ শেষ হয়ে আজ মধ্যরাতে। এত দিন গণপরিবহন বন্ধ থাকলেও এক সপ্তাহ ধরে অর্ধেক আসন খালি রেখে চলছে বাস, ট্রেন ও লঞ্চ। এর আগে বিধিনিষেধে জেলার মধ্যে গণপরিবহন চলাচল ছিল। এক জেলার গণপরিবহন অন্য জেলায় বন্ধ ছিল।
করোনার সংক্রমণ রোধে দেশে গত ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এরপর ৫ দফায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়। নতুন করে এই মেয়াদ আরও এক সপ্তাহ বাড়তে পারে।
বার্তাবাজার/নব