সন্তানরা ঠিকমতো খাবার না দেওয়ায় বৃদ্ধের আত্মহত্যা

বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহ ও সন্তানরা ঠিক মত খাবার না দেয়ায় গাছের সাথে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের মৃত ভগিরত বাড়ৈর ছেলে মহেন্দ্র বাড়ৈ (৭২) পারিবারিক কলহ ও তার সন্তানেরা ঠিক মত খাবার না দেয়ার কারনে ভোর রাতে বাড়ির পাশে কালি মন্দিরের সামনে কাঁঠাল গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয় দিলীপ বাড়ৈ ও অধির বাড়ৈ জানান, মহেন্দ্র বাড়ৈর ১ম স্ত্রী মারা যাওয়ার পর সে ২য় বিয়ে করে। ২য় স্ত্রী ও তার এক সন্তান বর্তমানে ভারতে রয়েছে। বাড়িতে তার দুই সন্তান ও তাদের স্ত্রী রয়েছে। তারা মহেন্দ্র বাড়ৈকে ঠিক মতো খাবার দিত না। তাই মহেন্দ্র তার পরিবারের উপর অভিমান করে বাড়ির পাশে কালি মন্দিরের সামনে কাঠাল গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে উপ-পরিদর্শক মোঃ আলী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে মহেন্দ্র বাড়ৈর ঝুলন্ত লাশ গাছ থেকে নামিয়ে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, মহেন্দ্র বাড়ৈর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেছে। তার মৃত্যুর ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরিফিন রিয়াদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর