ম্যানসিটিকে হারিয়ে ইউরোপের রাজা চেলসি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শনিবার রাতে পোর্তোর এস্তাদিও দো ড্রাগাওয়ে মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি ও চেলসি। ফাইনালে ম্যানসিটিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে চেলসি।

দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতল চেলসি। অন্যদিকে প্রথমবারের মত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল ম্যানসিটি। কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি।

ম্যাচের প্রথমার্ধ শেষের আগে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় চেলসির ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার থিয়াগো সিলভাকে। আর দ্বিতীয়ার্ধের শুরুতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান ম্যানসিটির কেভিন ডি ব্রুইন।

ম্যাচের ৪২ মিনিটে মাঝমাঠের বাঁ দিক থেকে ম্যাসন মাউন্ট লম্বা পাসে বল সামনে বাড়ান। সেই পাস থেকে বল নিজের পায়ে নেন কাই হ্যাবার্টজ। কিছুটা এগিয়ে এসে তাকে বাধা দিতে চেয়েছিল ম্যানসিটির গোলরক্ষক এডারসন। কিন্তু দারুণ শটে বল জালে জড়ান হ্যাবার্টজ।

তার একমাত্র গোলে শিরোপা ঘরে তুলে চেলসি। অন্যদিকে হারের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয় পেপ গার্দিওলার ম্যানসিটিকে। চ্যাম্পিয়নস লিগের কোনো ফাইনালে হারেনি গার্দিওলা। এবার চেলসির বিপক্ষে সেই হার দেখতে হয়েছে তাকে।

এদিকে পিএসজিকে গত আসরের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেও শিরোপা জেতাতে পারেননি টমাস টুখেল। শেষ পর্যন্ত তাকে বরখাস্ত করে পিএসজি। এরপর তিনি চেলসিতে যোগ দেন। এবার চেলসিকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতালেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর