সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৫ আসামিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২৯ মে) দুপুরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা’র আদালতে ৬ আসামিকে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এই সময় আসামিদের মধ্যে বাসচালক সুমন দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
পরে আদালত বাকি ৫ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- আরিয়ান, সাজু, সাইফুল, সোহাগ ও মনোয়ার।
দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ধর্ষণের শিকার তরুণীর মেডিকেল পরীক্ষা হয়।
এর আগে ওই তরুণী সকালে আশুলিয়া থানায় মামলা করেন। পরে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, শুক্রবার রাতে বোনের বাড়ি মানিকগঞ্জ থেকে নিজ বাসা নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় যাচ্ছিলেন ভুক্তভোগী। পরিচিত একজন তাঁর সংগে ছিলেন। পথে সব যাত্রীদের নামিয়ে দেয় বাসের হেলপার। পরে আব্দুল্লাহপুর পৌঁছানোর আগেই চার ব্যক্তিকে গাড়িতে তোলা হয়। পরে মেয়েটির সংগে থাকা ছেলেটিকে বেঁধে রেখে তাকে ধর্ষণ করে হেলপারসহ ছয় জন।
বার্তাবাজার/ই.এইচ.এম