সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি।
দেশকে যখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন তার বিরুদ্ধে শুরু হয় ষড়যন্ত্র। ১৯৮১ সালের ২৯ মে সরকারি সফরে চট্টগ্রাম যান তিনি। পরের দিন চট্টগ্রাম সার্কিট হাউজে গভীর রাতে একদল সেনাসদস্য তাঁকে হত্যা করে। বিপথগামী সেনাসদস্যরা তাঁর মৃতদেহ চট্টগ্রামের রাউজানের গভীর জঙ্গলে কবর দেয়। তিন দিন পর সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ঢাকার শেরেবাংলা নগরে এনে দাফন করা হয়।
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করা জিয়াউর রহমান ইস্ট বাংলা রেজিমেন্ট-ইপিআরের বাঙালি পল্টনের মেজর ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ শুরু করলে তিনি তাঁর পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য স্বাধীনতার পর তিনি তৎকালীন বাংলাদেশ সরকার কর্তৃক বীর উত্তম খেতাবে ভূষিত হন। এরপর তিনি সেনাবাহিনীর প্রধান হন। মোশতাক সরকারের ৮১ দিনের শাসনের পর ১৯৭৫ সালের ৭ নভেম্বর তিনি বাংলাদেশের প্রধান সেনা প্রশাসক ও রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
জিয়াউর রহমান প্রথমে জাতীয় গণতান্ত্রিক দল (জাগদল) এবং ১৯৭৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করেন।
বার্তাবাজার/ই.এইচ.এম