ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি এবং ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর বলেছেন, দেশে এখন শুধু প্রশাসনে নয় মসজিদ-মাদরাসা দলীয়করণ করছে সরকার। মাদরাসা যারা চালায় তারা যদি সরকারবিরোধী মনোভাবের হয় তাকে সরিয়ে দিয়ে সরকারের আনুগত লোককে দায়িত্ব দেওয়া হয়। এই যে দলীয়করণ এটা হঠাৎ করেই বদলাবে না। এজন্য আমাদের দরকার রাজনৈতিক ঐক্যমত।
শনিবার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।
বর্তমান এই পরিস্থিতির জন্য আমি এবং আপনি দায়ী উল্লেখ করে নুর বলেন, বেলারুশে করোনার মধ্যে নির্বাচনে ভোট দিতে পারেনি বলে জনগণ রাস্তায় নেমে এসেছে। ২০১৪, ২০১৮ সালে এরকম নির্বাচন হয়েছে এই দেশে আমাদের জনগণ কিছুই করেনি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য জনগণকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। মানুষকে সংগঠিত হতে হবে। কোনো দলকে ক্ষমতায় আনার জন্য না। রাষ্ট্রের একটি সংস্কারের জন্য এটা করতে হবে। আমরা চাই না এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকুক।
তিনি বলেন, আমরা চাই বিচার বিভাগ স্বাধীন ভাবে কাজ করুক, নির্বাচন কমিশন কোনো ঠুঠু জগন্নাথ প্রতিষ্ঠানে পরিণত হবে না। ভারতে কমিশন যেভাবে কাজ করেছে ঠিক সেভাবে বাংলাদেশেও করতে হবে। কালকে নির্বাচন ঘোষণা করলেই হবে না। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সে সরকারকে দায়িত্ব দিতে হবে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে। সেই সরকারের কাজ হবে অসঙ্গতিগুলোকে লাইনে নিয়ে আসা।
এ সময় আরো উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
বার্তাবাজার/ই.এইচ.এম