আজ থেকে চালু হল বিমানের সৌদিগামী ফ্লাইট

টানা ৯ দিন স্থগিত থাকার পর আজ শনিবার থেকে সৌরি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালু হয়েছে। আজ সৌদি যাবে বাংলাদেশ বিমানের ৩টি ফ্লাইট।

শনিবার (২৯ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর সাড়ে ৩টায় সৌদি আরবের দাম্মামের উদ্দেশে প্রথম ফ্লাইটটি ছেড়ে গেছে।

সন্ধ্যা সোয়া ৬টায় জেদ্দা এবং আজ রাত ৩টা ২০ মিনিটে রিয়াদের উদ্দেশে বিমানের তৃতীয় ফ্লাইট ছেড়ে যাবে। বিমানের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৩ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেছিলেন, সৌদি আরবে হোটেল ও কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিত করে ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এর আগে গত ২০ মে বাংলাদেশ থেকে প্রবাসী শ্রমিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করে সৌদি সরকার। এতে ভোগান্তিতে পড়েন সৌদি থেকে ছুটিতে দেশে আসা প্রবাসীরা। পরে বিমান কর্তৃপক্ষ জানায়, ২৯ মে থেকে আবার সৌদি আরবে ফ্লাইট চলা শুরু হবে।

সৌদির নতুন নির্দেশনায় বলা হয়েছে, যারা করোনার টিকা নেননি, সৌদি আরবে প্রবেশ করলে তাদের নিজ খরচে সাত দিন হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

এছাড়া যারা সৌদিতে স্থায়ীভাবে বসবাস করেন না এবং প্রথমবারের মতো সৌদি আরবে বেড়াতে গেছেন, তারা যদি করোনা ভ্যাকসিনের সবগুলো ডোজ নেওয়ার ১৪ দিন পরে যান— সে ক্ষেত্রে কোয়ারেন্টিনের প্রয়োজন হবে না।

এদিকে ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর পদ্ধতিতে পরীক্ষায় করোনা নেগেটিভ আসলে তবেই যাত্রীরা ঢাকা থেকে সৌদির ফ্লাইটে উঠতে পারবেন। সৌদিতে পৌঁছানোর পর আরও দুবার করোনা পরীক্ষা করতে হবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর