শিকলে বেঁধে রাখায় আগুন থেকে বের হতে পারেনি শিল্পী

মাদারীপুরের শিবচরে শিকলে বাঁধা অবস্থায় আগুনে পুড়ে শিল্পী বেগম (৩৭) নামের মানসিক প্রতিবন্ধী এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মে) রাত সাড়ে ১২ টার দিকে শিবচর উপজেলার তালুকদার কান্দি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শিল্পী ওই এলাকার আবদুল বারেক তালুকদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিল্পী বেশ কিছু বছর ধরে মানষিক সমস্যায় ভুগছিলো। মাঝে মাঝে নিজ পরিবার ও এলাকার লোকজনকে গালাগালি করতো। এক পর্যায়ে গত কয়েকদিন ধরে শিল্পীকে তাদের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আজ রাতে ওই ঘরটিতে মশার কয়েল থেকে আগুন লাগে। পরে স্থানীয়রা খবর পেয়ে আগুন নেভাতে ছুটে আসেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে ৩০ মিনিটের মতো সময় লাগে। ততক্ষণে আগুনে ঘরটি একেবারে পুড়ে যায়।

এ সময় তিনি ঘর থেকে বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যায়।একই সাথে ওই ঘরে থাকা একটি ছাগলও মারা গেছে।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্যামল বিশ্বাস জানান, খবর শোনার পরে আমরা ঘটনাস্থল যেতে না যেতেই আগুনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা একজন মহিলার মৃত্যু হয়। আমরা লাশটি উদ্ধার করে শিবচর থানা পুলিশের নিকট হস্তান্তর করি।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুনের সুত্রপাত। ঘরের জিনিসপত্রের সঙ্গে তিনিও দগ্ধ হয়ে মারা যান। আমরা মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করেছি। পরিবার থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর