আবারও ইসরায়েলের পক্ষে ভারতের সমর্থন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের টানা ১১ দিনের হামলার পর যুদ্ধবিরতিতে আসে তারা। টানা ১১ দিনের যুদ্ধে ২৩২ ফিলিস্তিনি ও ১২ ইসরায়েলি নিহত হন।

রক্তক্ষয়ী ওই সংঘাতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আর তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া দিয়ে বিষয়টি তদন্ত করে দেখার জন্য বিশেষ কমিটি গঠনের ডাক দেয় জাতিসংঘের মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি)।

গাজা ও জেরুজালেমসহ বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত শুরু করতে চলেছে মানবাধিকার পরিষদ। জেনেভায় অবস্থিত নিরাপত্তা পরিষদের সদর দফতরের অনুষ্ঠিত এই সংক্রান্ত ভোটাভুটিতে মানবাধিকার পরিষদের মোট ৪৭ সদস্যের মধ্যে ২৪টি দেশ প্রস্তাবের পক্ষে ও ৯টি দেশ বিপক্ষে ভোট দেয়।

এই প্রস্তাবের জের ধরে ফের যুক্তরাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রসংঘের বিবাদ প্রকাশ্যে এসেছে। এই প্রস্তাবের বিরোধিতা করেছে জার্মানি, ইংল্যান্ড, অস্ট্রিয়া। এই প্রস্তাবের তীব্র নিন্দা করেছে ওয়াশিংটন।

এই প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছে পাকিস্তান, চীন এবং বাংলাদেশ। তবে ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত, জাপান, নেপাল, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়াসহ মোট ১৪টি দেশ।

বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও হামাসের দ্বন্দ্বে পুরো বিশ্ব কার্যত দুইভাগে ভাগ হয়ে গেছে। এই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকে ইসরায়েলের পক্ষেই মৌন সমর্থন জানিয়েছে ভারত।

কেননা গত দুই বছরে দুই দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত হয়েছে। তাই আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলকে আরও চাপের মুখে ফেলতে চায় না ভারত। এই বিষয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি ইন্দ্রমণি পাণ্ডে জাতিসংঘে দুই পক্ষের কাছেই শান্তি বজায় রাখার ডাক দেন।

এদিকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাবকে ‘লজ্জাজনক’ ও ‘ইসরায়েল বিরোধী’ বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর