নিজেদের আমলে কালো টাকা সাদা করার জবাব দিয়ে বিএনপিকে সরকারের সমালোচনা করতে বলেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (২৮ মে) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে করোনা ভাইরাসের সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমার সবিনয়ে প্রশ্ন, বিএনপিনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে যে কালোটাকা সাদা করা হয়েছিল, তার কি জবাব আছে? আর প্রয়াত সাইফুর রহমান যিনি আব্দুস সাত্তার, জিয়াউর রহমান এবং খালেদা জিয়া- সবার আমলেই অর্থমন্ত্রী ছিলেন, তিনিও সব আমলেই কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিলেন, তার জবাব আছে?
তথ্যমন্ত্রী বলেন, আগে নিজেদের আমলে কালো টাকা সাদা করার জবাব দিন, তারপর সরকারের সমালোচনা করুন নয়তো সমালোচনার নৈতিক অধিকারই থাকেনা।
হাছান মাহমুদ বলেন, “অর্থনীতির স্বার্থে ইউরোপ, আমেরিকা, ভারত, পাকিস্তানসহ পৃথিবীর বহুদেশেই অপ্রদর্শিত অর্থ বৈধ করার এ সুযোগ রাখা হয়। আমি যে এটিকে সবসময়ের জন্য পুরোপুরি সমর্থন করি তা নয়, কিন্তু আমাদের দ্রুত বর্ধনশীল, উন্নয়নশীল অর্থনীতির দেশে এ সুযোগ রাখা হয়েছে অর্থনীতির স্বার্থেই।”
দুর্যোগে বিএনপিকে জনগনের পাশে পাওয়া যায়না জানিয়ে হাছান মাহমুদ বলেন, “বিএনপির বরং উচিত ছিলো, এই করোনা মহামারির মধ্যেও বাংলাদেশের জিডিপি বেড়েছে এবং মানুষের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে, তার প্রশংসা করা। রাত বারোটার পর যারা টেলিভিশনের পর্দা ফাটান, সরকারকে নানা পরামর্শ দেন, তাদেরকেও এবিষয়ে অভিনন্দন দিতে দেখলাম না। দেশ ও মানুষের উন্নতি কি তাদের পছন্দ নয়
“আওয়ামী লীগ দুর্যোগ দুর্বিপাকসহ সবসময় জনগণের পাশে আছে। অন্যদিকে, করোনার প্রথম দফায় বিএনপি মাঝেমধ্যে মানুষের পাশে দাঁড়ানোর ভান করে যে লোক দেখানো ফটোসেশন করতো, এখন তাও করেনা, তারা শুধু সরকারের সমালোচনাতেই ব্যস্ত।”
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব মো. আব্দুল মজিদ প্রমুখ বক্তব্য রাখেন।
বার্তাবাজার/ই.এইচ.এম