ইয়াসে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে নিজেকে বিক্রির ঘোষণা

ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সহযোগীতা করার জন্য নিজেকে বিক্রির ঘোষণা দেন সাতক্ষীরার এক তরুণ।

নিজেকে বিক্রি করতে চাওয়া ওই তরুণের নাম গাজী আনিস। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতক সম্পন্ন করেছেন। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়।

শুক্রবার (২৮ মে) জাতীয় শহীদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন জায়গায় প্লাকার্ড হাতে নিয়ে নিজেই প্রচারণা চালিয়েছেন। তার হাতে থাকা প্লাকার্ডে লেখা ছিলো ‘বিক্রি হব’ মূল্য- ৩০ লাখ টাকা।

তিনি প্ল্যাকার্ডে তার নিজের মূল্য ৩০ লাখ টাকা নির্ধারণ করে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কিছু মোবাইলভিত্তিক লেনদেনের নম্বর দিয়েছেন। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তিনি।

এ ব্যাপারে গাজী আনিস তার ফেসবুক আইডিতে লিখেন, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সংগ্রাম করে উপকূলবাসীর টিকে থাকার সংগ্রাম বহুদিনের। আইলা, সিডর, বুলবুল, আম্ফান, ইয়াসের মতো দুর্যোগ একের পর এক দুর্যোগ এসব এলাকায় আঘাত হেনেছে। কিন্তু টেকসই বেড়ীবাঁধ না থাকায় দিনে দিনে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। ইয়াসের প্রভাবেও ব্যাপকভাবে খতিগ্রস্থ উপকূলের মানুষেরা। স্বপ্নহারা হয়েছে অনেক শিশু, অনেক পরিবারের শেষ সম্বল ভেসে গেছে পানিতে। এখনও অনেকেই বাড়ি ছাড়া হয়ে বসবাস করছেন। দিনে দিনে এই দুঃখ বাড়ছে। আমার জন্মভূমি উপকূলীয় এলাকায়। যেখানের আলো বাতাসে বেড়ে উঠেছি, সেই সব মানুষের কথা চিন্তা করে সহযোগিতা করার জন্য নিজেকে বিক্রি করার এই উদ্যোগ নিয়েছি। আমার মতো তরুণেরা যদি এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন, নিশ্চয়ই একটা সমাধানের পথ বের হবে।

গাজী আনিস বার্তাবাজারকে জানান, ইয়াস মূলত ভারতে আঘাত হানলেও এর প্রভাব বাংলাদেশেও পড়েছে বহুলাংশে। ইয়াসের প্রভাবে ভারত ও বাংলাদেশে পাঁচজন করে মারা গেছেন। বাংলাদেশে এ ঝড়ের প্রভাব বেশি পড়েছে শুধু মাত্র ‘টেকসই বেড়িবাঁধ না থাকার কারণে’। এ ঘটনায় যারা মারা গেছেন বা যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রায় সবই হয়েছে উচ্চ জোয়ার বা জলোচ্ছ্বাসের কারণে সৃষ্ট বন্যায়। এ কারণে এখন সবচেয়ে বেশি প্রয়োজন হলো ‘টেকসই বেড়িবাঁধ’। আমি নিজেকে বিক্রি করে হলেও যদি টাকা পাই, তা দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করতে চাই।

বার্তাবাজার/ই.এইচ.এম/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর