উহানের ল্যাব নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তের উদ্যোগ নিন্দনীয়: চীন

করোনা ভাইরাস কোনো চীনা ল্যাব থেকে ছড়িয়েছিলো কিনা তা খতিয়ে দেখার জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগের নিন্দা জানিয়েছে চীন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তিনি ভাইরাসটির উৎস সম্পর্কে একটি গোয়েন্দা প্রতিবেদনের ফলাফল প্রকাশের প্রত্যাশা করছেন। তারপরেই চীন বললো এ উদ্যোগ নিন্দনীয়। খবর বিবিসি

প্রতিবেদনে বলা হয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্রকে “রাজনৈতিক কারসাজি ও দোষ চাপানোর” জন্য অভিযুক্ত করেছে। তারা কোভিড -১৯ এবং উহান শহরে ভাইরাস গবেষণা ল্যাবের মধ্যে যেকোনো যোগসূত্র প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের (এফডিএ) সাবেক প্রধান জানিয়েছেন, চীনের ল্যাব থেকে করোনা ছড়িয়েছে এমন প্রমাণ বাড়ছে। কারণ গবেষকরা এখনও প্রমাণ করতে পারেন নি যে, ভাইরাসটি প্রাণী থেকে মানুষের মধ্যে এসেছে।

যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি মাইক পম্পেও দাবি করেছেন, প্রমাণের প্রতিটি টুকরা উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি (ডব্লুআইভি) থেকে করোনাভাইরাস ফাঁস হওয়ার দিকে ইঙ্গিত করে। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নিজেরাই এ বিষয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর