সর্বশেষ করোনার নমুনা পরীক্ষায় সাভারে আক্রান্তের হার শূন্য

ঢাকার সাভার উপজেলায় সর্বশেষ করোনার নমুনা পরীক্ষার ‘রিপোর্টে’ কোভিড-১৯ পজিটিভ শনাক্তের হার ‘শূন্যে’ দাঁড়িয়েছে। অর্থাৎ নমুনা পরীক্ষায় একজনও পজিটিভ শনাক্ত হননি। শুক্রবার (২৮ মে) রাতে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেন।

এবিষয়ে তিনি বলেন, সর্বশেষ গত ২৫ মে, ২০২১ তারিখে সাভারে মোট ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের ভিতর একজনও কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়নি। এটা একটা আশাপ্রদ ব্যাপার।

ডা. হুদা আরও জানান, সবাই মিলে কাজ করলে করোনা যুদ্ধে জয় আমাদের হবেই ইনশাআল্লাহ। আপনারা জানেন, সম্প্রতি আমরা সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছি। সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধিদের অংশগ্রহনে উপজেলা প্রশাসন করোনা নিয়ন্ত্রণে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। সবাই একত্রে মিলে যার যার জায়গা থেকে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে চললেই এই মহামারি নিয়ন্ত্রণ সম্ভব। আমি সাভারবাসীকে এদিকে নজর দেবার আহবান জানাচ্ছি। সবাই মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধৌত করুন।

প্রসঙ্গত, করোনার নমুনা সংগ্রহ শুরুর পর (৮ মার্চ, ২০২০) থেকে এপর্যন্ত সাভার উপজেলায় মোট ১৬০১৩ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এদের ভিতর আক্রান্ত হয়েছে মোট ২৪১০ জন। সাভারে মোট মৃতের সংখ্যা ৪৩। বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো কোভিড-১৯ পজিটিভ রোগী ভর্তি নেই।

মোঃ আল মামুন খান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর