শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এই প্রথম লঙ্কানদের ওয়ানডে সিরিজে হারাল বাংলাদেশ।
আজ লঙ্কানদের হোয়াইটওয়াশ করার মিশনে নামবে টাইগাররা। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।
শেষ ওয়ানডেতে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভুগছেন লিটন দাস। তার পরিবর্তে তামিম ইকবালের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে নাঈম শেখকে।
অন্যদিকে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় মাথায় চোট পান মোহাম্মদ সাইফউদ্দিন। সাইফউদ্দিন ফিট থাকলে আজকের ম্যাচে খেলতে পারবেন। অন্যথায় দ্বিতীয় ওয়ানডেতে তার কনকাশন বদলি হিসেবে খেলা তাসকিন আহমেদকেই একাদশে দেখা যাবে।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস/ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ/মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
বার্তাবাজার/নব