৪০ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু

বৈরি আবহাওয়া ও পদ্মা নদী উত্তাল থাকার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু বন্ধ ছিল। টানা ৪০ ঘণ্টা পর বৃহস্পতিবার (২৭ মে) রাত ১০ টার দিকে ১৪টি ফেরি চালু করা হয়। তবে বন্ধই থাকছে লঞ্চ ও স্পিডবোট চলাচল।

শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ৮ টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা নদী উত্তাল থাকায় গত বুধবার (২৬ মে) সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ। পরে বৃহস্পতিবার রাত থেকে ফেরি চালু করা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মোহাম্মদ সোলেমান জানান, গত মঙ্গলবার থেকে যাত্রীবাহী সকল নৌযান চলাচল বন্ধের আদেশের ফলে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ৮৭টি লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এখনও তা বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, লকডাউনের শুরু থেকে এই নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় কোনোভাবেই যাত্রীদের নদী পাড়ি দেওয়ার সুযোগ নেই। লঞ্চ চলাচলের পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর