বগুড়ায় ডিবি পুলিশ পরিচয় দানকারী এক প্রতারককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের চকঝিনাহার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক প্রতারকের নাম শরিফুল ইসলাম(৩৮)। সে ঐ এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে উপজেলার আটমুল ইউপির কুড়াহার গ্রামের নুর ইসলাম নামের এক কৃষককে গ্রেপ্তার করার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ তার বিরুদ্ধে।
পুলিশ জানায়, শরিফুল ইসলাম নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কুড়াহার গ্রামের ব্যবসায়ী নুর ইসলামকে ভয়ভীতি দেখিয়ে প্রথম দফায় ১৫ হাজার এবং দ্বিতীয় দফায় ৩ হাজার টাকা গ্রহণ করেন। এরপর আবারও তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা চায় শরিফুল। বিষয়টি নুর ইসলাম শিবগঞ্জ থানায় জানান। এরপর শিবগঞ্জ থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ফাঁদ পেতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী শরিফুলকে গ্রেফতার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বার্তাবাজারকে জানান, গ্রেফতারকৃত শরিফুলের হেফাজত থেকে সিআইডির একটি এবং মানবাধিকার সংগঠনের একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
খালিদ হাসান/বার্তাবাজার/ভিএস