ক্লাসরুম খুলে পরিষ্কার করতে বলায় প্রধান শিক্ষিকাকে দপ্তরীর মারধর

ময়মসিংহের গফরগাঁওয়ে দীর্ঘদিন বন্ধ থাকা ক্লাসরুম খুলে পরিষ্কার করতে বলায় প্রধান শিক্ষিকাকে পেটালেন ওই স্কুলের দপ্তরী। প্রকাশ্যে এমন ঘটনার শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন নারী প্রধান শিক্ষক।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে গফরগাঁওয়ের বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলুফা খানমের সঙ্গে এ জঘন্য ঘটনাটি ঘটে।

দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে ক্লাসরুমগুলোতে ধুলার আস্তরণ পড়ে গেছে বলে প্রধান শিক্ষিকা দপ্তরী রাকিবকে ঢেকে ক্লাসরুম পরিষ্কার করতে বললে, দপ্তরী রাকিব সরাসরি অপারগতা জানান।

দপ্তরী স্কুল বন্ধ থাকাকালীন কোনোরকম কাজ করতে পারবে না বলে সাফ উত্তর দেন। অভিযোগ করে, এক কথা দু’ কথা হতে হতে স্কুলের মাঠেই প্রধান শিক্ষিকা নীলুফাকে মারধর করেন দপ্তরী। এসময় রাকিবের ভাই এসেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই প্রধান শিক্ষিকাকে।

প্রকাশ্যে এমন মারধর ও অপমানের কারণে মানসিকভাবে বিপর্যস্ত প্রধান শিক্ষিকা নিলুফা, সংবাদমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানানোর সময় কান্নায় ভেঙে পড়েন।

নিলুফা বলেন, দপ্তরী আমাকে মারার জন্য খুন্তি নিয়ে আসে। এসময় অন্য কেউ বাধা দেয়ায় স্কুলের মাঠে আমার মাথায় সজোরে ঘুষি মারে। আমি এই স্কুলেরে প্রধান শিক্ষিকা আমাকে এভাবে মারতে পারে সে?

দপ্তরী রাকিবের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ এনে প্রধান শিক্ষিকা বলেন, সে নিয়মিত গাঁজা, ইয়াবা সেবন করে। তাকে কাজ করতে বললেই ক্ষেপে উঠে।

এ ঘটনার সময় আশপাশের লোকজন দপ্তরী রাকিবকে আটকালে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান প্রধান শিক্ষিকা।

এ ঘটনার পর পরই থানায় অভিযোগ দিয়েছেন মারধরের শিকার হওয়া প্রধান শিক্ষিকা। পুলিশ বলছে, তারা দ্রুতই ব্যবস্থা নেবে।

গফরগাঁও পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুজ্জামান সাংবাদিকদের বলেন, এ ঘটনার কথা জেনেছি। শিক্ষা কর্মকর্তাদের কাছে থেকে অভিযোগ পেলে সে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর