ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনার তদন্ত করতে গিয়ে ঢাকার একটি বাসায় ভয়ঙ্কর মাদকদ্রব্য এলএসডির (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ।
ভয়ঙ্কর এ মাদক বিক্রির দায়ে তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ।
বুধবার (২৬ মে) রাতে রাজধানী থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার।
গ্রেফতারকৃত তিনজন হাফিজুরের বন্ধু। তারা হলো- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুপল ও তুর্জ এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিব।
হাফিজ আক্তার বলেন, এই মাদক (এলএসডি) নেদারল্যান্ড থেকে দেশে আনা হয়। দেশে এই মাদক জব্দের ঘটনা এটাই প্রথম। ফেসবুকের দু’টি পেজে এই মাদকের ব্যবসা পরিচালনা করা হতো। এর গ্রাহক বেশিরভাগ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মাদকটি সাধারণত উচ্চবিত্তরা গ্রহণ করে বলেও উল্লেখ করে তিনি।
তিনি আরো বলেন, ঢাবি শিক্ষার্থী হাফিজুর রহমানের আত্মহত্যার ঘটনা তদন্তাধীন রয়েছে। আমরা খতিয়ে দেখছি। এই মাদকের কারণেই এ ঘটনা ঘটেছে কি না বিষয়টিও তদন্ত করে দেখছি। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যাবে।
বার্তাবাজার/ই.এইচ.এম