প্রেম করে বিয়ের ৫ মাস পর তরুণীর আত্মহত্যা

ফরিদপুরের নগরকান্দায় মীম আক্তার (১৭) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের গোয়াইলপোতা গ্রামের স্বামীর বাড়ী থেকে এ লাশ উদ্ধার করা হয়। মীম ওই ইউনিয়নের শংকরপাশা গ্রামের আঃ রব হাওলাদারের মেয়ে।

জানা যায়, ৫ মাস পূর্বে গোয়াইলপোতা গ্রামের রশিদ মৃধার ছেলে বাবু মৃধার সাথে মীমের বিবাহ হয়। বাবু মৃধা ও মীম কৃপুর উচ্চ বিদ্যালয়ে একই সাথে দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলো। দু’জনে এক সঙ্গে স্কুলে আসা যাওয়ায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের বয়স না হলেও দুই পরিবার মিলে বিয়ে আবদ্ধ করে দেন তাদের।

বাবু মৃধার ভাবী ইভা বেগম জানায়, বুধবার রাতে আমরা যার যার ঘরে ঘুমিয়ে পড়ি। ফজর আজানের পর আমি ঘুম থেকে উঠে বের হয়ে দরজার সামনে ছোট আম গাছে মীম গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখি। আমি শোর চিৎকার দিলে প্রতিবেশীরা এসে ওকে মাটিতে নামায়। তখন ও জীবিত ছিল। আমরা তেল পানি মাথায় দিয়ে ডাক্তারের কাছে নেওয়ার প্রস্তুতি নেই। এরই মধ্যে মীম মারা যায়।

মীমের পিতা রব হাওলাদার অভিযোগ করে বলেন, আমি গরীব মানুষ। এলাকার মুরুব্বিদের পরামর্শে এ বিয়েতে রাজী হয়েছিলাম। আমার মেয়েকে ওরা খুন করে ফেলেছে। বাবু মৃধা পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি।

নগরকান্দা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব বলেন, অভিযোগ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর