কম খরচে অল্প সময়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম পৌঁছাতে চালু হল স্পেশাল ম্যাংগো ট্রেন। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় আমচাষী, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠন। অন্যান্য পরিবহণের চেয়ে এটি সাশ্রয়ী হবে বলছেন সংশ্লিষ্টরা।
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে ঝুলছে বাহারি জাতের পরিপক্ক আম। ১লা জুন থেকে বাজারে আসতে শুরু করবে খিরসাপাতি, ল্যাংড়া, গোপালভোগসহ নানা জাতের আম। এরই মধ্যে আম বিক্রির জন্য প্রস্তুত আড়ৎগুলো।
করোনা শনাক্ত বেড়ে যাওয়ায় ৭ দিনের জন্য কঠোর লকডাউনের মধ্যে রয়েছে পুরো জেলা। এ অবস্থায় আম বিক্রি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন চাষি ও ব্যবসায়ীরা।
তবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেশাল ম্যাংগো ট্রেনের উদ্বোধন করায় দূর হলো দুশ্চিন্তা। কম খরচে অল্প সময়ে চাঁপাইনবাবগঞ্জের আমসহ অন্যান্য পণ্য পরিবহন করার সুযোগ পেয়ে খুশি আমচাষী ও ব্যবসায়ীরা।
স্পেশাল ম্যাংগো ট্রেনটি চালু হওয়ায় ব্যবসায়ীরা যেমন লাভবান হবেন তেমনি কর্মসংস্থান হবে অনেক বেকার লোকের।
ট্রাক বা পিকাপে পাঠাতে গিয়ে নানা জটিলতায় অনেক আম নষ্ট হয়ে যায়। ট্রেনে কোন ধরনের জটিলতা ছাড়া অল্প সময়ে ঢাকায় পৌঁছানো সম্ভব হবে বলে আশা করছেন আম সংশ্লিষ্টদের সংগঠনের নেতারা।
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ছেড়ে ট্রেনটি বিভিন্ন স্টেশন থেকে আম উঠিয়ে নিয়ে যাবে। এতে অল্প খরচে ঢাকায় আম পাঠানো যাবে বলে জানান জেলা প্রশাসক।
স্পেশাল এই ট্রেনটি প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকায় চলাচল করবে।
বার্তাবাজার/ই.এইচ.এম