মাগুরার স্বপ্নের রেলপথ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সারাদেশকে ক্রমান্বয়ে রেল সংযোগের আওতায় আনার লক্ষে মাগুরা থেকে কামারখালী পর্যন্ত রেল সংযোগ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত থেকে অনুষ্ঠানের এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরফলে মাগুরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা তথা সারা দেশের সাথে রেল যোগাযোগের স্বপ্ন বাস্তবায়নের পথে আর এক ধাপ এগুলো বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি জানান- দেশের প্রতিটি জেলাকে সমন্বিত রেল যোগাযোগ এর আওতায় এনে সুলভে ও নিরাপত্তার সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে দেশের সার্বিক উন্নয়নই আওয়ামীলীগ সরকারের লক্ষ। তিনি উল্লেখ করেন- ৭৫ এ বঙ্গবন্ধু হত্যার পর দেশের সৈরাচারি সরকারগুলি উন্নয়ন অগ্রগতি না করে লুটপাট চালিয়েছে। আর সে লক্ষেই তারা পরিকল্পিতভাবে রেল ব্যবস্থাকে ধ্বংস করেছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে একে একে সকল পরিত্যাক্ত ও নতুন নতুন রুটে রেল লাইন চালু করে আসছে। এ লক্ষেই মাগুরার এ রেল সংযোগ সম্পন্ন হচ্ছে
১২শ ২ কোটি ৪৯ লক্ষ টাকা ব্যায়ে মধুখালি হয়ে কামার খালি হতে মাগুরা শহর পর্যন্ত’ ২৪.৮ কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণ হচ্ছে। এ সময় মাগুরা সদর উপজেলার রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন প্রান্তে ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে সভাপতির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
স্বাগত বক্তব্য রাখেন, রেল সচিব মোহাম্মদ সেলিম রেজা। এ সময় অন্যান্যের মধ্যে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, খুলনা বিভাগীয় কমিশনার মোহম্মদ ইসমাইল হোসেন, জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ রেলপথ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকতা উপস্থিত ছিলেন।
তাছিন জামান/বার্তাবাজার/ভিএস