অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের জন্য থাকছে সুখবর। সেই সঙ্গে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী ও ব্যবসায়ীসহ সকলের স্বার্থ বিবেচনায় বাজেট ঘোষণা করা হবে।
অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার সূত্র জানিয়েছে, আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেটে করপোরেট কর কমানো হবে এবং কালো টাকা সাদা করা, সুকুক, লেনদেনের ওপর আরোপিত অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি) কমানো, করপোরেট এবং ট্রেজারি বন্ডের ওপরও কর হার কমানো হচ্ছে।
এ ব্যাপারে সংশ্লিষ্টরা জানায়, আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে অতালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর সাড়ে ৩২ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ এবং তালিকাভুক্ত কোম্পানির কর ২৫ শতাংশ থেকে সাড়ে ২২ শতাংশ।
এদিকে চলতি বছরের ন্যায় ১০ শতাংশ কর দিয়ে আগামী অর্থবছরেও কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগের সুবিধা থাকবে। এছাড়া ব্রোকার হাউজের লেনদেনের ওপর আরোপিত এআইটি কর কমানোর সুবিধা এবং পুঁজিবাজারে বন্ড মার্কেটের প্রসার ঘটাতে বিশেষ ছাড় থাকছে।
ডিএসই ব্রোকার্স অ্যাসোশিয়েশনের (ডিবিএ) সভাপতি শরীফ আনোয়ার হোসেন বলেন, ২০২১-২২ অর্থবছরের এসব সুযোগ-সুবিধা থাকলে আগামী বছর পুঁজিবাজার খুব সতেজ থাকবে।
বার্তাবাজার/ই.এইচ.এম