বগুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়ার আদমদীঘিতে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই আরোহী।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ডহরপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত মোটরসাইকেল চালকের নাম আনন্দ পাহান (২০)। সে আদমদীঘি উপজেলার ইছুবপুর গ্রামের কার্ত্তিক পাহানের ছেলে।

জানা যায়, তারা তিন জন মোটরসাইকেলে করে উপজেলার ছাতিয়ানগ্রাম বাজার থেকে উপজেলা সদরে যাওয়ার পথে ডহরপুর নামক স্থানে মোটরসাইকেলটি এক ট্রাককে অতিক্রম করতে (ওভারটেক) গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে চালক ও আরোহী তিন জনই সড়কের ওপর পড়ে যান।
সে সময় পেছনে থাকা ট্রাকটির চাকায় পিষ্ট হন মোটরসাইকেল চালক। ঘটনাস্থলেই মারা যান আনন্দ। আহত অবস্থায় সঞ্জয় পাল ও কার্তিক পালকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, বৃষ্টির কারণে সড়ক ভেজা থাকায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এতে এই দুর্ঘটনা ঘটে।

খালিদ হাসান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর