১২৬৭ কোটি টাকায় চীন থেকে দেড় কোটি টিকা কিনবে সরকার

জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জরুরি ভিত্তিতে চীনের সিনোফার্মার তৈরি ১৫ মিলিয়ন সার্স কোভিড টু ভ্যাকসিন সরাসরি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

প্রতি ডোজ ভ্যাকসিনের দাম পড়বে ১০ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় এক হাজার ২৬৭ কোটি ৫০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৭ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ অনুমোদন দেয়। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা।

সভা শেষে অনুমোদিত ক্রয়প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড.শাহিদা আক্তার।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, স্বাস্থ্য বিভাগের একটি প্রস্তাব টেবিলে উত্থাপন করা হয়। প্রস্তাবটি হলো, জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রাখতে চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে চীনের তৈরি সার্স কোভিড টু ভ্যাকসিন ভেলোসেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, আগামী জুন, জুলাই ও আগস্ট এই তিন মাসে চীনের সিনোফার্ম কর্তৃক প্রতি মাসে ৫ মিলিয়ন ডোজ করে মোট ১৫ মিলিয়ন ডোজ সার্স কোভিড টু ভ্যাকসিন সরবরাহ করবে। ৩ মাসে মোট ১৫ মিলিয়ন বা এক কোটি ৫০ লাখ ডোজ সরবরাহ করা হবে।

আমাদের দেশি কোন প্রতিষ্ঠান আছে জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, আমাদের দেশি কোনো প্রতিষ্ঠান নেই। চায়না সরকারের সঙ্গে সিনোফার্ম কোম্পানির চুক্তির মাধ্যমে সরবরাহ করা হবে। জুন, জুলাই ও আগস্ট এই তিন মাসে এক কোটি ৫০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে।

গত ১১ মে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আমরা চীন থেকে ৪ থেকে ৫ কোটি ভ্যাকসিন সংগ্রহ করবো। ইতোমধ্যে আমরা তাদের কাছে চাহিদা পত্র পাঠিয়েছি। এছাড়া গত ১২ মে চীন থেকে উপহার হিসেবে করোনাভাইরাসের ৫ লাখ ডোজ সিনোফার্মার ভ্যাকসিন বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর