‘বাঁধ ভাঙলে চেয়ারম্যানের লাভ, কোটি কোটি টাকার প্রকল্প আসে’ (ভিডিওসহ)
ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে দেশের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সাতক্ষীরায় বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। স্থানীয়রা বাঁধ নির্মাণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা জানিয়েছেন, তারা ত্রাণ চান না, তারা বাঁধ চান।
এদিকে বাঁধ ভাঙলে ইউনিয়ন চেয়ারম্যানের লাভ হয় এবং কোটি টাকার প্রস্তাব আসবে বলে বাঁধ নির্মাণ হয় না বলে অভিযোগ করেছেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা বাঁধ নির্মাণের জন্য আমাদের কর্মসৃজন প্রকল্পের ৪০ দিনের কর্মসূচির যাবতীয় লোকদের এখানে কাজ করার কথা। কিন্তু জনৈক চেয়ারম্যানের বাবা ধনাঢ্য ব্যবসায়ী হওয়ায় এই এলাকা ডুবে গেলে এই বিল চেয়ারম্যানের বাপ নিয়ে নিবে। এ কারণে তিনি এখানে কোনো লোক দেননি।
চেয়ারম্যানের বরখাস্ত দাবি করে সাঈদ মেহেদী বলেন, জেলা প্রশাসকের কাছে এই চেয়ারম্যানের বরখাস্ত দাবি করছি। এই এলাকা প্লাবিত হওয়ার জন্য এই ইউনিয়নের চেয়ারম্যান দায়ী। বিল ডুবলে কোটি কোটি টাকার প্রকল্প আসবে আর সে নাকি লাভ করবে। তাই তাকে অপসরণের দাবি জানাচ্ছি।
তিনি বলেন, গত দুইদিন ধরে এলাকার স্থানীয় জনগণ, রাজনৈতিক কর্মীরা, ইউপি সদস্যরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, পানি উন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা আমাদের সাথে নিরলসভাবে আমাদের সাথে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, যারা বাঁধ সংস্কারে এখানে কাজ করছে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। দ্রুত সরকারিভাবে নতুন করে বাঁধ নির্মাণের জন্য জেলা প্রশাসকের নিকট জানাচ্ছি।
বার্তাবাজার/নব