‘ইয়াস’র প্রভাবে দেশে ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতে চলে গেলেও এর প্রভাব বাংলাদেশে রয়েছে। আজ সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ইয়াস’র প্রভাবে দেশের কোথাও কোথাও ঝোড়ো বাতাসসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি, মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

ইয়াস’র প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে এবং সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

এছাড়াও দেশের অন্য অঞ্চলগুলোর ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর