পল্লবীতে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা: আরেক আসামি গ্রেফতার

রাজধানীর পল্লবীতে শাহীন উদ্দিন (৩৩) নামে এক যুবককে তার ছেলের সামনে কুপিয়ে হত্যার ঘটনায় আরেক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

গ্রেফতার হওয়া ওই আসামির নাম বাবু ওরফে কালা বাবু ওরফে কালু ওরফে শেখ রাসেল হোসেন (২৬)। তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি।

বুধবার (২৬ মে) রাতে পল্লবী সিরামিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী।

তিনি জানান, গ্রেফতার কালু প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহিন উদ্দীন হত্যায় নিজের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পল্লবী থানায় হত্যা, চাঁদাবাজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ২১ মে ভৈরব থেকে লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেফতার করে র‍্যাব। তিনি শাহীন উদ্দিন হত্যার মূলপরিকল্পনাকারী ও হত্যা মামলার ১নং আসামি।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাব-ডিবি পুলিশের অভিযানে এখন পর্যন্ত সর্বমোট ১১ জন গ্রেফতার হয়েছে। এছাড়া র‌্যাব ও ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন দুই আসামি।

উল্লেখ্য, গত ১৬ মে পল্লবীর ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর রোডে ৭ বছরের ছেলের সামনে শাহীন উদ্দিনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় চার দিনের রিমান্ড শেষে বুধবার এমএ আউয়ালসহ তার দুই সহযোগীকে কারাগারে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর