অসুস্থ রিজভীকে দেখতে গেলেন মান্না-উলফাত
করোনামুক্ত হয়ে বাসায় চিকিৎসাধীন রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে তার বাসায় যান নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত।
বৃহস্পতিবার (২৭ মে) বেলা ১১টার দিকে রিজভীর শ্যামলীর বাসায় গিয়ে ওই দুই নেতা রিজভীর সাথে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রিজভী আহমেদের সঙ্গে দেখা করতে মাহমুদুর রহমান মান্না ও ইসতিয়াক আজিজ উলফাত তার বাসায় যান। তারা বাসায় প্রায় দেড় ঘণ্টা ছিলেন। তারা রিজভীর সঙ্গে কথা বলেন এবং তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
এর আগে রিজভীকে দেখতে তার বাসায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
উল্লেখ্য, গত ১৬ মার্চ করোনায় আক্রান্ত হন রিজভী। এরপর ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
করোনামুক্ত ও শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ৯ মে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফেরেন রিজভী। বাসায় ব্যক্তিগত চিকিসকদের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
বার্তাবাজার/নব